Saturday, February 16, 2008

আমি বাংলাদেশকে দেখেছি


আমি গ্রীষ্মকে দেখেছি-
কাঠফাটা রৌদ্রের আড়ালে,
কখনো সুমিস্ট ফলের সুতীব্র ঘ্রাণে, কখনো প্রাণের হাহাকারে।

আমি বর্ষাকে দেখেছি-
কালো মেঘের বজ্রনাদের মাঝে,
কখনো বিষণ্ণ অঝর বারিধারায়, কখনো প্রলয়ংকরী বন্যায়।

আমি শরৎকে দেখেছি-
সাদা মেঘের ভেলায় ভাসতে,
কখনো রোদেলা দুপুরে, কখনো তীব্র নীল আকাশে।

আমি হেমন্তকে দেখেছি-
বিনম্র শান্ত শুভ্র বসনে,
কখনো পাকা ধানের শীষে বয়ে যাওয়া বাতাসে, কখনো কৃষকের হাসিতে।

আমি শীতকে দেখেছি-
কুয়াশার চাদরে মুড়ি দিয়ে,
কখনো শিশির মাড়াতে, কখনো দরিদ্র বৃদ্ধার জীর্ণ দেহে বেদনা ছড়াতে।

আমি বসন্তকে দেখেছি-
ঋতুরাজের বেশে,
কখনো ফুটন্ত ফুলের মাঝে, কখনো কোকিল হয়ে সকাল কিংবা সাঁঝে।

আমি বাংলাদেশকে দেখেছি-
পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি রূপে,
কখনো রাগে, কখনো অনুরাগে।

No comments:

Post a Comment