স্বপ্নহীন হে,
খুজে ফেরো প্রতিটি অসুস্থ মুখে -
হারানো স্বপ্নটিকে।
পাবে না জানি।
জানি তুমি অন্ধকারের বাসিন্দা
আলোই দেখনি কখনো,
স্বপ্ন দেখবে কেমন করে?
অন্ধকার মাঝে আলো দেখাই তো স্বপ্ন।
আমি যা দেখি প্রতিদিন, প্রতিনিয়ত।
আসছি আমি,
আগামীর সুবাতাস নিয়ে তোমাদের ভীড়ে,
স্বপ্নহীনদের মাঝে।
অস্ত্রহীন আমি আসছি যুদ্ধ জয় করতে
স্বপ্ন দিয়ে, কেবলই স্বপ্ন দিয়ে।
তোমরা স্বপ্ন দেখ না নীল আকাশের, আমি দেখাব।
তোমরা স্বপ্ন দেখ না শ্বেত শুভ্র মেঘের, আমি দেখাব।
তোমরা স্বপ্ন দেখ না রক্তিম সূর্যের, আমি দেখাব।
তোমরা স্বপ্ন দেখ না ধান ক্ষেতে বয়ে যাওয়া বাতাসের, আমি দেখাব।
যে দেশের জন্ম একটি স্বপ্ন থেকে,
সে দেশের মুক্তি হবে আজ -
আরেকটি স্বপ্নের মাধ্যমে।
আজ থেকে স্বপ্ন দেখব আমরা -
মায়ের চোখে ভালবাসার স্বপ্ন,
প্রিয়ার চোখে অনাগত ভবিষ্যতের স্বপ্ন,
স্বপ্ন, স্বপ্ন, শুধুই স্বপ্ন।
স্বপ্নহীন তোমরা হবে স্বপ্নময়,
এখানে জীবন হয়ে উঠবে ছন্দময়।
আর আমি?
চলে যাব অন্য কোন স্বপ্নহীনদের মাঝে, স্বপ্ন দেখাতে
আমি যে স্বপ্নকর।